কেন্দুয়ায় অগ্নিকাণ্ডে ৫ পশুর মৃত্যু, আহত ১

কেন্দুয়ায় অগ্নিকাণ্ডে ৫ পশুর মৃত্যু, আহত ১
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের গারাদিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি গবাদিপশু পুড়ে মারা গেছে। এ ঘটনায় আরও ৩টি গরু গুরুতর দগ্ধ হয়েছে। গবাদিপশু উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন এক যুবক। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গারাদিয়া গ্রামের ইটভাটা শ্রমিক সোহেল মিয়া (৩৭) রাত ১২টার দিকে গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে তার মা মনোয়ারা বেগম (৬০) চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘুম থেকে জেগে উঠে গোয়ালঘরে আগুন জ্বলতে দেখতে পান।

পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও গোয়ালঘরে থাকা ২টি গাভী ও ৩টি ছাগলকে রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে প্রাণীগুলো সম্পূর্ণ পুড়ে মারা যায়। এছাড়া আরও ৩টি গরু, যার মধ্যে ২টি বাছুর রয়েছে, মারাত্মক দগ্ধ হয়েছে।

গোয়ালঘর থেকে গরু উদ্ধার করতে গিয়ে সোহেল মিয়ার ছোট ভাই জুয়েল (৩৫) আহত হন। পরে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় পল্লী চিকিৎসক হাফিজ উদ্দিন জানান, দগ্ধ গরুগুলোর অবস্থা আশঙ্কাজনক। সেগুলোকে বাঁচানো কঠিন হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশা তাড়ানোর জন্য জ্বালানো কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রাখাল বিশ্বাস/কেন্দুয়া

Netrakona Protidin

নেত্রকোনা প্রতিদিন

Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال